দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়। এই দিবস নিয়ে দেশ টিভির প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিচে দেওয়া হলো।
নড়াইল প্রতিনিধি: জুলাই শহিদ দিবস নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কর্মসূচির মধ্যে ছিল শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পন করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগ, এলজিইডি, জেলা হাসপাতাল, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল পৌরসভা, জেলা কারাগার, এস এম সুলতান সংগ্রহশালা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা, এনসিপিসহ বিভিন্ন সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পন করা হয়।
পরে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাস্মদ আবদুল ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার,সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন মাষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা সদস্য সচিব আমিরুল ইসলাম রানা প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্টিত হয়।

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে শহিদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নীলফামারী প্রতিনিধি: জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুল হোসেন রাসেল, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাদারীপুর শকুনি লেকপাড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
এসময় জুলাই শহিদ পরিবারের সদস্যরা, জুলাই যোদ্ধারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল প্রতিনিধি: বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় নগরীর আমতলার মোর এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন, ২৪ এর জুলাই গণঅভূন্থানে যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের অর্জন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আগামীর বাংলাদেশ একটি বৈষম্যমূলক বাংলাদেশ হবে এমনটাই প্রত্যাশা তাদের।
জুলাই শহিদ দিবস উপলক্ষে বরিশাল বিএম কলেজের জুলাই যোদ্ধা ও সাধারন শিক্ষার্থীরা একটি র্যালীর আয়োজন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পটুয়াখালী প্রতিনিধি: জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে পটুয়াখালীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় জেলা শহরের ঝাউতলা সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুয়েল রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
কেএম